সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: প্রতিমন্ত্রী টুকু
- আপডেট সময় : ১১:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করাই বিএনপির আদর্শ। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো বিভেদ নেই। সবার পরিচয় একটাই—আমরা বাংলাদেশি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থে আমরা কোথাও কোনো ছাড় দেব না। দেশকে বুকে ধারণ করে আমরা পথ চলতে চাই। দেশের স্বার্থ ও ভবিষ্যতের কথা চিন্তা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করছেন। এ আয়োজনে তাঁদের পাশে রয়েছে সরকার। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে এবার বিশেষ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার পূজার বরাদ্দও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের তিনটি বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণের দ্বারা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে তিনি মনে করেন। তবে সবাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
তিনি বলেন, ‘দেশের স্বার্থ ও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা
টাঙ্গাইলকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল থেকেই মাদক নির্মূলের কাজ শুরু করতে চান তাঁরা। এর মাধ্যমে সারা দেশ থেকে মাদক নির্মূলে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তাঁর দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাঁকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দলের নেতারাও সোচ্চার রয়েছেন বলে জানান তিনি।
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি, বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তাঁরা পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















