মস্কোয় হঠাৎ মার্কিন সামরিক বিমান, অবতরণের কারণ জানে না ক্রেমলিন
- আপডেট সময় : ০১:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। তবে বিমানটি কেন মস্কোয় এসেছে, সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ক্রেমলিন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) মস্কোয় অবতরণ করা বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটির যুক্তরাষ্ট্রের নিবন্ধিত টেইল নম্বর রয়েছে।
বিমানটি মঙ্গলবার সকালে লাটভিয়ার রাজধানী রিগা থেকে মস্কোর উদ্দেশে উড্ডয়ন করে। এর আগে এটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে যাত্রা করেছিল। ওই ঘাঁটি মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের সরকারি বিমান চলাচলের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।
বৈঠকের পরিকল্পনা নেই: ক্রেমলিন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই মস্কোর।
তিনি বলেন, মার্কিন সামরিক বিমানটির আগমন সম্পর্কে ক্রেমলিনের কাছে কোনো বিস্তারিত তথ্য নেই।
এর আগে ইউরোপ থেকে সরাসরি রাশিয়ায় সর্বশেষ যুক্তরাষ্ট্রের নিবন্ধিত বিমান গিয়েছিল ২০২৬ সালের জানুয়ারিতে। সে সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি রাশিয়ায় গিয়েছিলেন।
বিমানে কে ছিলেন, তা নিয়ে জল্পনা
সি-১৭ গ্লোবমাস্টার বিমান সাধারণত দীর্ঘ দূরত্বে সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তাই মস্কোয় এর আকস্মিক অবতরণ ঘিরে নানা আলোচনা শুরু হয়।
বিমান অবতরণের কয়েক ঘণ্টা পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ মস্কোয় গোপন সফরে গিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
তবে তার সফরের উদ্দেশ্য এবং রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্র বা রাশিয়া—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এটি সিআইএ পরিচালক হিসেবে র্যাটক্লিফের প্রথম রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনকে জানানো হয়েছিল সফরের কথা
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, র্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছিল, তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মস্কো সফর করবে।
একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেছেন, মার্কিন প্রতিনিধিদল রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধ করা হয়েছিল।
তবে ওই সফরের বিস্তারিত বা বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।




















