ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪০০, নিখোঁজ ৫৫ হাজার
- আপডেট সময় : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে। এ ছাড়া বিরোধী পক্ষ-সমর্থিত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখনও ৫৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয় দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কারাকাসের কিছু অংশ এবং লা গুয়াইরা এলাকায় ১ হাজার ৬০০ জনেরও বেশি বিদেশী উদ্ধারকর্মী স্থানীয়দের সাথে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের আশঙ্কা, মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে; যা হবে লাতিন আমেরিকার ইতিহাসে অন্যতম প্রাণঘাতী দুর্যোগ।
এদিকে দুর্যোগের পর ওয়াশিংটন ইতোমধ্যে ১৫ কোটি ডলারের সাহায্য পাঠিয়েছে এবং আরও বড় প্যাকেজের ঘোষণা আসতে পারে। এই মানবিক সংকটের মধ্যেই মার্কিন সহায়তায় দেশে ফেরার চেষ্টা করছেন বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো; যা হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে।

























