বৃষ্টি ও ভারতীয় ঢলে ডুবে যাচ্ছে নেত্রকোনার কৃষকের স্বপ্ন
- আপডেট সময় : ১১:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও উজানের ভারতীয় ঢলে ডুবে যাচ্ছে নেত্রকোনার হাওরপাড়ের কৃষকের স্বপ্ন। বছরের একমাত্র ফসল- বোরোধান হারানোর শংকায় ঘুম নেই তাদের। বৈশাখের অতিবৃষ্টি তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। তবে কৃষি বিভাগ বলছে, এখন পর্যন্ত হাওরের ৬৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। পানিতে আক্রান্ত বাকী ধান কাটা অনেকটা অনিশ্চিত হয়ে পড়লেও সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। তবে হারভেস্টারের বিকল্প হিসেবে প্রয়োজনীয় শ্রমিক না থাকায় কৃষকরা বেশী বিপাকে পড়েছে।
হাওর এলাকার শস্যভান্ডার হিসেবে খ্যাত নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় এবারও বোরো ধানের ভালো ফলন হয়েছে। বিগত কয়েক বছরে কৃষকরা ঠিকমতো ফসল ঘরে তুলতে পারলেও এবছর তার ব্যতিক্রম দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর ভারতীয় ঢলের কারণে নিচু এলাকায় পানি জমে হাওরের অনেক ফসল তলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় ডুবুডুবু অবস্থা। ফলে উঠতি পাকা ধান কাটতে পারছে না কৃষক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে তাদের সারা বছরের স্বপ্ন।
অতি বৃষ্টির কারণে জমিতে পানি থাকায় হারভেস্টার মেশিন দিয়ে ধানা কাটা সম্ভব হয়নি। বাধ্য হয়ে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে। হারভেস্টার দিয়ে কৃষকরা এবারও ধান কাটার আশায় থাকায় এবছর হাওরে শ্রমিকের পরিমাণও তেমন নেই। ফলে বেশি অর্থ দিয়েও ধান কাটার বাড়তি শ্রমিক পাচ্ছে না কৃষকরা।এতে দিশেহারা হাওরপাড়ের কৃষকরা।
হাওরে বৈশাখের প্রথমার্ধে ৬৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। তবে টানা বৃষ্টিতে বাকী জমি এরই মধ্যে পানিতে ডুবে গেছে। আক্রান্তের পরিমাণ আরো বাড়তে পারে বলে আশংকা কৃষি কর্মকর্তাদের।
এ বছর জেলায় ১ লাখ সাড়ে ৮৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওর এলাকায় আবাদ ৪১ হাজার ৬৩ হেক্টর।
























