বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী
- আপডেট সময় : ১২:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
নারীদের ওপর হামলাকে কাপুরুষোচিত ও নিন্দনীয় উল্লেখ করে অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নারীদের ওপর যারা হামলা চালায়, তারা কাপুরুষ। বাঁধনের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংসদেও আলোচনা
এর আগে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার বিষয়টি জাতীয় সংসদে আলোচনায় আসে। মঙ্গলবার সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে হাঁটার সময় বাঁধনের ওপর হামলা চালানো হয়েছে বলেও সংসদে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি পররাষ্ট্রসচিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা ও বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাস দিচ্ছে কনস্যুলার সহায়তা
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার পর স্থানীয় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।
এ ছাড়া রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা তাকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা ও সহযোগিতা দিচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বাঁধন ইতালির পুলিশের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসেও আনুষ্ঠানিক অভিযোগ করবেন। বাংলাদেশ দূতাবাস বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরবে।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকার হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না।




















