বঙ্গমাতা ফজিলাতুন নেছা বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়েছেন: কাদের
- আপডেট সময় : ০৭:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
পর্দার অন্তরালে থেকেই বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব সব সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু সহধর্মিণীই ছিলেন না– তিনি ছিলেন তাঁর সারাজীবনের সহযোদ্ধা। সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তাঁর সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীকার আন্দোলনে একজন সাহসী ও নীরব সংগঠক হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব।
পরে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দিনটি উপলক্ষে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায়, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনসহ দলটির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এরআগে আলোচনায় অংশ নিয়ে বঙ্গমাতার স্মৃতিচারণ করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
এছাড়া বনানী কবরস্থান প্রাঙ্গন এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করে কেন্দ্রীয় যুব ও কৃষকলীগ।

























