ফ্যাটি লিভার কমাতে টমেটো কতটা উপকারী
- আপডেট সময় : ০২:৫৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ফ্যাটি লিভার বর্তমানে তরুণ থেকে বয়স্ক—সব বয়সী মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। অতিরিক্ত ওজন, উচ্চ কোলেস্টেরল ও টাইপ-২ ডায়াবেটিসের মতো সমস্যা থাকলে এ রোগের ঝুঁকি আরও বাড়ে। তবে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ ক্ষেত্রে টমেটো হতে পারে উপকারী একটি খাবার।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টমেটো খেলে লিভারে জমে থাকা চর্বি কমাতে সহায়তা করতে পারে। সম্প্রতি ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি পরিচালিত একটি গবেষণায় এ বিষয়ে কিছু ইতিবাচক তথ্য পাওয়া গেছে।
গবেষণায় ফ্যাটি লিভারে আক্রান্ত ৭৯ জন তরুণ-তরুণী অংশ নেন। তাদের বিএমআই ছিল ৩০ বা এর নিচে। অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয়। প্রথম দলকে ছয় সপ্তাহ প্রতিদিন কাঁচা টমেটো ও ৫০ গ্রাম টমেটো সস খেতে দেওয়া হয়। দ্বিতীয় দল একই সময় নির্ধারিত খাদ্যতালিকা অনুসরণ করলেও তাদের খাবারে টমেটো রাখা হয়নি।
ছয় সপ্তাহ পর লিভার বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এতে দেখা যায়, দুই দলেরই লিভারে জমে থাকা চর্বি কিছুটা কমেছে। তবে টমেটো খাওয়া দলের উন্নতি ছিল তুলনামূলক বেশি।
গবেষণার ফল অনুযায়ী, টমেটো খাওয়া অংশগ্রহণকারীদের লিভারের চর্বি প্রায় ১১ শতাংশ কমেছে। অন্যদিকে টমেটো না খাওয়া দলের লিভারের চর্বি কমেছে প্রায় ৬ শতাংশ। অর্থাৎ টমেটো খাওয়া দলের ক্ষেত্রে লিভারের চর্বি কমার হার প্রায় দ্বিগুণ ছিল।
টমেটো কেন উপকারী?
টমেটোতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান শরীরের জন্য উপকারী হতে পারে। বিশেষ করে স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হিসেবে টমেটো খেলে লিভারের অতিরিক্ত চর্বি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে শুধু টমেটো খেলেই ফ্যাটি লিভার পুরোপুরি ভালো হয়ে যাবে—এমনটা বলা ঠিক নয়। গবেষকরাও জানিয়েছেন, লিভারের চর্বি কমাতে টমেটোর ভূমিকা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
ফ্যাটি লিভার থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবারের তালিকায় টমেটো রাখা যেতে পারে।
গবেষণাটি Nutrients জার্নালে প্রকাশিত হয়েছে।



























