ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর
- আপডেট সময় : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিশ্ব ফুটবলের আলোচিত ফিফা দুর্নীতি কেলেঙ্কারি মামলায় বড় ধরনের অপরাধ স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং নির্বাহী হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস। মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছে দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সম্ভাব্য কারাদণ্ড এড়িয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, জরিমানা হিসেবে তাদের ৫০ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।
সম্প্রচার স্বত্ব পেতে ঘুষ
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-এর মালিক হুগো ও মারিয়ানো জিনকিস দীর্ঘদিন ধরে ফুটবল কর্মকর্তাদের ঘুষ দিয়ে আসছিলেন।
ফিফা, কনমেবল ও কনকাকাফের বিভিন্ন প্রতিযোগিতার সম্প্রচার ও বিপণনস্বত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই তারা ঘুষের অর্থ দিতেন। বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মিডিয়া স্বত্ব পেতে এই অনৈতিক লেনদেন করা হয়।
গড়ে তুলেছিলেন ঘুষের নেটওয়ার্ক
মার্কিন আদালতের নথি অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোকে প্রতারিত করতে একটি বড় নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন জিনকিস বাবা-ছেলে। লাভজনক টুর্নামেন্টের স্বত্ব নিশ্চিত করতে ফুটবল কর্মকর্তাদের ধাপে ধাপে বিপুল অর্থ ঘুষ দেওয়া হতো।
২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন তদন্তের অংশ হিসেবে ব্যাপক অভিযান চালানো হয়। ওই অভিযানের মাধ্যমে ফুটবল প্রশাসনের দীর্ঘদিনের দুর্নীতির চিত্র সামনে আসে। জিনকিস পরিবারও সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত ছিল।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার বড় অঙ্কের জরিমানা ও অপরাধ স্বীকারের চুক্তির মাধ্যমে মামলাটির নতুন অধ্যায় শেষ হলো।
























