নেইমারের পরিবারের সহায়তায় ফিফার নিষেধাজ্ঞা মুক্ত সান্তোস
- আপডেট সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসকে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমার জুনিয়র ও তার পরিবার। নেইমারের পরিবারের এজেন্সি এনআর স্পোর্টসের আর্থিক সহায়তায় মোনাকোর পাওনা পরিশোধ করেছে ক্লাবটি।
মিডফিল্ডার জ্যঁ লুকাসকে ঘিরে মোনাকোর কাছে সান্তোসের প্রায় ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল ঋণ ছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ কোটি টাকার কাছাকাছি। এই অর্থ পরিশোধের পর সান্তোসের ওপর থাকা ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে।
জুলাই থেকে নতুন খেলোয়াড় নিবন্ধন ও দলবদল কার্যক্রমে বাধার মুখে ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে সান্তোস।
এনআর স্পোর্টসের আর্থিক সহায়তার বিনিময়ে সান্তোস ও নেইমারের পরিবারের এজেন্সি ক্লাবটির জার্সিতে অব্যবহৃত স্পনসরশিপের জায়গা নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস।
ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারবে সান্তোস। ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে ক্লাবটির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ব্রাজিলিয়ান লিগে অবনমন শঙ্কায় রয়েছে সান্তোস। অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা দলটির সঙ্গে নিচের সারির দলের ব্যবধান মাত্র দুই পয়েন্ট।
আগামী সপ্তাহে করিন্থিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সান্তোস। এর আগে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। ওই ম্যাচে খেলেননি নেইমার।
করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে নেইমারের আবারও সান্তোসের শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। অবনমন শঙ্কা কাটাতে এই ম্যাচে পয়েন্ট পাওয়াই এখন ক্লাবটির প্রধান লক্ষ্য।





















