দেশের জলসীমায় মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু
- আপডেট সময় : ০৪:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ইলিশসহ সামুদ্রিক মাছের বংশবিস্তার ও সংরক্ষণের লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের ক্ষেত্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গেলো বুধবার থেকে শুরু করে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
৫৮ দিনের এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলীয় জেলা ভোলা ও তৎসংলগ্ন জেলাগুলোর মৎস্য অধিদপ্তর নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘ এ নিষেধাজ্ঞার ফলে উপকূলীয় জেলা ভোলার সাতটি উপজেলার প্রায় ৬৫ হাজার নিবন্ধিত জেলেকে খাদ্য সহায়তা দেবে সরকার। সাগরমুখী ভোলার জেলেরা জানিয়েছেন, সরকারের জারিকৃত এ আইন মেনে তারা ইতোমধ্যে জাল ও ট্রলার নিয়ে তীরে ফিরেছেন। ভোলা সদরের ইলিশা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা মিয়া বলেন, নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহেই সাগরে মাছ ধরার ওপর নির্ভরশীল জেলেদের সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ রাখা হয়।

























