দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড
- আপডেট সময় : ১২:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার থেকে আদালতে হাজির
রায় ঘোষণার দিন সুপর্ণা সুর চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
২১ কার্যদিবসেও দেননি সম্পদ বিবরণী
মামলার নথি অনুযায়ী, সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করে দুদক। এ সময় তার নিজের এবং স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।
২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে নির্দেশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।
দুদকের মামলা ও অভিযোগপত্র
সম্পদ বিবরণী দাখিল না করায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলাটি করা হয়।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের।
পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য ও অন্যান্য নথি পর্যালোচনা শেষে মঙ্গলবার তার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়।




















