টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত
- আপডেট সময় : ১২:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৬৪২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গুলি।
ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আলম নুরু রোহিঙ্গা ডাকাতদল নুরু বাহিনীর প্রধান বলে দাবি রেবের। রেব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ভোর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দমদমিয়া পাহাড়ি এলাকা অস্ত্রধারী কতিপয় দুর্বৃত্ত ডাকাতি ও অপহরণের উদ্দেশ্যে জড়ো হয়েছে খবর পেয়ে রেবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা রেব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে রেব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনায় রেবের দুই সদস্যও আহত হয়েছে। পরে ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩টি দেশি লম্বা বন্দুক ও ৪টি গুলি।


























