টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল
- আপডেট সময় : ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫১১ বার পড়া হয়েছে
টানা অতিভারী বৃষ্টিপাতে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লামা-আলীকদম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এই দুই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের কারণে রুমা-বগালেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানে পর্যটকদের ১০ জুলাই পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, রোববার থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে লামা-আলীকদম সড়কের বিভিন্ন স্থানে কোমরসমান পানি জমে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে রুমা উপজেলার পেঁপেবাগান এলাকায় পাহাড়ধসের ঘটনায় রুমা-বগালেক সড়কেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বান্দরবান পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা ১১ দশমিক ৮০ মিটার অতিক্রম করে ১১ দশমিক ৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৭২ মিটার উচ্চতায় প্রবাহিত হলেও তা এখনো বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটারের নিচে রয়েছে।

















