জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
- আপডেট সময় : ০৩:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডাকসুর নেতাদের অভিনন্দন
সাক্ষাৎকালে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতাদের অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও তাদের কল্যাণে নেওয়া কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের মব সন্ত্রাসের অভিযোগ নিয়েও আলোচনা হয়।
পরবর্তী ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা
এ সময় ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জামায়াত আমির।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে ডাকসুর নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সক্রিয় হওয়ার পরামর্শ
ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ডাকসুর নেতাদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও তিনি মত দেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শও দেন জামায়াতে ইসলামীর আমির।

























