গোপালগঞ্জের মধুমতি নদীতে তীব্র ভাঙ্গন
- আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মধুমতি নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে বিলীন হয়ে গেছে ঘরবাড়ী, সড়ক, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। জিও ব্যাগ ফেলেও ব্যর্থ হয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবী জানিয়েছে এলাকাবাসী।
গোপালগঞ্জ সদর উপজেলার ইছাখালি গ্রামের বৃদ্ধ নফের মোল্যা। তার পাঁচ বিঘা ফসলি জমি, ভিটে মাটিসহ বাড়ি চলে গেছে মধুমতি নদীর গর্ভে। এখন সন্তান আর নাতি-নাতনী নিয়ে বাস করছেন অন্যের জমিতে।
একই অবস্থা ডুবসি, চরঘোষাল, ঘাঘাধলইতলা, মধুপুর, গোবরা এবং কাশিয়ানী উপজেলার পারকরফা ও জয়বাংলা গ্রামের কয়েক’শ পরিবারের। গত ছ’বছর ধরে তীব্র ভাঙ্গনে বিলীন হয়েছে হাজার হাজার একর ফসলি জমি ও বাড়ি-ঘর। অন্য এলাকায় চল গেছে অন্ততঃ এক হাজার পরিবার।
দুই উপজেলার অন্তত: ১০ পয়েন্টে রয়েছে তীব্র ভাঙ্গন। বসত ঘর ও মালামাল অন্য এলাকায় সরিয়ে নিচ্ছে নদী পাড়ের মানুষ। কিছু এলাকায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও, কোনো কাজেই আসছে না। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্থদের।
স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আরো অনেকে ভাঙ্গনের শিকার হবে বলে মনে করেন, স্থানীয় জনপ্রতিনিধি।প্রকল্প অনুমোদন পেলে কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বছরের পর বছর মধুমতি নদীর ভাঙ্গনে নি:স্ব হচ্ছে নদীপাড়ের বাসিন্দারা। স্থায়ী সমাধান চায় এলাকাবাসী।














