গোপনে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
- আপডেট সময় : ১২:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দীর্ঘদিনের সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ব্যাপক গোপনীয়তার মধ্যেই পর্তুগালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা জুটি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দেখা যায়, দুটি হাতে বিয়ের আংটি পরানো। ধারণা করা হচ্ছে, একটি হাত রোনালদোর এবং অন্যটি জর্জিনার।
পর্তুগিজ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিসবনের কাছের উপকূলীয় শহর ক্যাসকাইসে বিয়ের আয়োজন করা হয়। ঘনিষ্ঠ পরিসরের এই অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল। রোনালদোর পোস্টটি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই ৩০ লাখের বেশি প্রতিক্রিয়া পড়ে।
রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু প্রায় ১০ বছর আগে। মাদ্রিদের একটি গুচি শপে প্রথম দেখা হয় তাদের, যেখানে জর্জিনা কাজ করতেন। তখন রোনালদো খেলছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে।
গত বছর ১১ আগস্ট বাগদানের ঘোষণা দেন এই জুটি। সে সময় বড় একটি আংটির ছবি প্রকাশ করে জর্জিনা লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।’
ফুটবল ক্যারিয়ারে প্রায় এক হাজার গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। তিনি খেলেছেন স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও সৌদি ক্লাব আল নাসরের হয়ে। পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের হয়েও গড়েছেন অসংখ্য রেকর্ড।
সম্প্রতি নিজের ষষ্ঠ বিশ্বকাপেও অংশ নিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি।


























