খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানায় রোনালদো?
- আপডেট সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ক্রিশ্চিয়ানো রোনালদো এবার শুধু আল-নাসরের তারকা খেলোয়াড় নন, ক্লাবটির মালিকানাতেও বড় ভূমিকা নিতে পারেন। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, আল-নাসরের মালিকানা কিনতে আগ্রহী পাঁচ সদস্যের একটি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।
আল-নাসরের ৭৫ শতাংশ শেয়ার পিআইএফের হাতে
বর্তমানে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) হাতে আল-নাসরের ৭৫ শতাংশ শেয়ার রয়েছে। ক্লাবটি অধিগ্রহণে আগ্রহী কনসোর্টিয়ামে রোনালদোর পাশাপাশি রয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের মালিক জেরি কার্ডিনাল এবং সৌদি আরবের ক্রীড়া ও ব্যবসা অঙ্গনের আরও তিন প্রভাবশালী ব্যবসায়ী।
প্রতিবেদন অনুযায়ী, পিআইএফের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই বিনিয়োগকারী গোষ্ঠী।
রোনালদোর হাতে রয়েছে ৫ শতাংশ শেয়ার
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আল-নাসরের ৫ শতাংশ শেয়ারের মালিকানা এরই মধ্যে রোনালদোর হাতে রয়েছে। নতুন চুক্তি হলে ক্লাবটিতে তার অংশীদারত্ব আরও বাড়তে পারে।
২০২২ সালের শেষ দিকে আল-নাসরে যোগ দেন রোনালদো। এরপর সৌদি ক্লাবটির সবচেয়ে বড় তারকায় পরিণত হন তিনি। একই সঙ্গে সৌদি ফুটবলের আন্তর্জাতিক প্রচারের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন এই ফরোয়ার্ড।
মালিকানায় বড় হতে চান রোনালদো
কনসোর্টিয়ামের অন্যতম সদস্য জেরি কার্ডিনালও ক্রীড়া বিনিয়োগে পরিচিত নাম। ২০২২ সালে নিজের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স’-এর মাধ্যমে এসি মিলানের মালিকানা নেন তিনি। আল-নাসর অধিগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তার বিনিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে আল-নাসর অধিগ্রহণের আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য চুক্তির আর্থিক পরিমাণও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী, অধিগ্রহণ সম্পন্ন করতে কনসোর্টিয়ামের পাঁচ সদস্যকেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে।
ফুটবলে রোনালদোর বিনিয়োগ বাড়ছে
খেলোয়াড় হিসেবে মাঠে দাপট দেখানোর পাশাপাশি ব্যবসায়িকভাবেও ফুটবলে নিজের অবস্থান বাড়াচ্ছেন রোনালদো। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে অন্যতম অংশীদার হন তিনি।
আল-নাসরের সম্ভাব্য মালিকানা পরিবর্তন সফল হলে ফুটবলার হিসেবে নয়, ক্লাবের মালিকানার অংশীদার হিসেবেও রোনালদোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

























