ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাটে অজি কিংবদন্তির ক্ষোভ
- আপডেট সময় : ০৩:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দলসংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী তারকা স্টিভ ওয়াহ। ১৪ দল থেকে কমিয়ে ১২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তকে ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। শুরুতে ১৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে ১২ দলে নামিয়ে আনে আইসিসি।
নতুন কাঠামো অনুযায়ী, ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে সরাসরি মূল পর্ব নিশ্চিত করবে মোট ১০টি দল। বাকি দুটি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল পাবে বিশ্বকাপের ১১তম টিকিট। আর ১২ থেকে ১৪ নম্বরে থাকা দলগুলোর ত্রিদেশীয় সিরিজের বিজয়ী দল পাবে শেষ জায়গাটি।
আইসিসির এই ফরম্যাট নিয়ে আপত্তি জানিয়েছেন স্টিভ ওয়াহ। দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপের দলসংখ্যা কমিয়ে আনা ক্রিকেটকে বৈশ্বিক খেলায় পরিণত করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ওয়াহর মতে, এটি ক্রিকেটের জন্য ‘পেছনের দিকে চলার প্রক্রিয়া’। উদাহরণ হিসেবে ফুটবল বিশ্বকাপের কথা তুলে ধরে তিনি বলেন, ফিফা যেখানে বিশ্বকাপের দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছে, ক্রিকেট সেখানে উল্টো পথে হাঁটছে।
অজি এই কিংবদন্তি মনে করেন, ক্রিকেটকে সত্যিকারের বৈশ্বিক খেলায় পরিণত করতে হলে আরও বেশি দেশকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ দিতে হবে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলেই সহযোগী ও উদীয়মান দেশগুলো নিজেদের মান উন্নত করতে পারবে বলেও মনে করেন তিনি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কাঠামো নিয়ে আইসিসির সিদ্ধান্তের সমালোচনায় স্টিভ ওয়াহর সঙ্গে এর আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডও প্রকাশ্যে হতাশা জানিয়েছে।




















