এখন পর্যন্ত ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন
- আপডেট সময় : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে মোট ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যেই আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পরিবহন ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪২টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট রয়েছে।
সর্বশেষ মারা যাওয়া হজযাত্রীর নাম মো. শামসুল আলম। তার বাড়ি রংপুরের কোতোয়ালি এলাকায়। মঙ্গলবার মদিনায় তিনি স্বাভাবিকভাবে মারা যান। এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।























