ইরান এখনো ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয়: ট্রাম্প
- আপডেট সময় : ১২:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয়। তবে তেহরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে ওয়াশিংটন সামরিক বিকল্প খোলা রাখছে এবং ইরানের ওপর বাড়ানো অর্থনৈতিক চাপের প্রভাব পর্যবেক্ষণ করছে।
শুক্রবার দক্ষিণ ক্যারোলিনায় সফরের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তাঁর মতে, তারা এখনো ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয়।
এর আগে বুধবার ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা করেন ট্রাম্প। তেহরানকে সমর্থনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা এবং গুরুতর অর্থনৈতিক পরিণতির হুমকি দেন তিনি।
প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যে ইরানের ওপর নতুন অর্থনৈতিক চাপ দেশটির দুর্বল অর্থনীতিতে কী প্রভাব ফেলে, তা ওয়াশিংটন পর্যবেক্ষণ করতে চায় বলেও জানান ট্রাম্প।
ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা নিয়ে একাধিক দাবি করে ট্রাম্প বলেন, দেশটি অর্থ, নৌবাহিনী ও বিমানবাহিনীর সংকটে রয়েছে এবং সেনা ও পুলিশ সদস্যদের বেতন পরিশোধেও সমস্যায় পড়েছে। তিনি ইরানে ৩৫০ শতাংশ মূল্যস্ফীতির দাবিও করেন।
এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে থাকা অঞ্চলটির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথের পাশাপাশি দক্ষিণ ইরানের কাছাকাছি স্থল এলাকাও এর আওতায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের এসব বক্তব্যের মধ্যে ইরানকে আলোচনার টেবিলে আনতে অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি সামরিক বিকল্পও সক্রিয় রাখার ইঙ্গিত মিলছে।




















