ইরানের পাঠানো ১৪ দফা শান্তি প্রস্তাব পর্যালোচনার প্রস্তুতি ট্রাম্পের
- আপডেট সময় : ০২:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের পাঠানো ১৪ দফার নতুন একটি শান্তি প্রস্তাব পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রস্তাবটি শেষ পর্যন্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা— তা নিয়ে শুরুতেই বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের পরিকল্পনাটি পর্যালোচনা করা হবে, তবে এটি গ্রহণযোগ্য হবে এমন বিশ্বাস তিনি করেন না। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইতোপূর্বে ৯ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এর জবাবে তেহরান এবার স্থায়ীভাবে ‘যুদ্ধ বন্ধের’ লক্ষ্যে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব দেয়। এই প্রস্তাবের মূল দাবিগুলো হলো— একে অপরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা; ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার; ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ পুরোপুরি প্রত্যাহার; যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা; তেহরানের ওপর থেকে যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া; লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো।





















