ইমরান খান ও বুশরা বিবিকে একাকী বন্দিত্বে না রাখার নির্দেশ
- আপডেট সময় : ১১:২৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে একাকী বন্দিত্বে না রাখার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিচারপতি খাদিম হুসেন সোমরোর আদালত আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে এসব নির্দেশ দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালত কারাগারের সুপারিনটেনডেন্টকে ১৫ দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়নের প্রতিবেদন জমা দিতে বলেছেন।
ইমরান খান ও বুশরা বিবির একাকী বন্দিত্বকে চ্যালেঞ্জ করে পৃথক আবেদন করা হয়েছিল। ইমরান খানের পক্ষে তার বোন আলিমা খান আবেদন করেন। অন্যদিকে বুশরা বিবির পক্ষে তার মেয়ে মুবাশরা খাওয়ার মানেকা আবেদন করেন।
রায়ে আদালত আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে ইমরান খান ও বুশরা বিবিকে একাকী বন্দিত্বে না রাখার বিষয়টি নিশ্চিত করতে বলেন। কারাগারের নিয়ম অনুযায়ী তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে বলা হয়েছে।
এ ছাড়া ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই ফোনালাপ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে সুবিধাটি প্রত্যাহার করা হতে পারে বলে সতর্ক করেছেন আদালত।
ইমরান খানকে প্রতিদিন সংবাদপত্র ও বই দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি কারাগারের নিয়ম অনুযায়ী তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
নুসরাত ভুট্টো ও বেগম শামিম আফ্রিদি মামলায় দেওয়া বিচারিক সিদ্ধান্তের আলোকে আদালত আবেদনগুলো গ্রহণযোগ্য ঘোষণা করে নিষ্পত্তি করেন।
আদালতের এই নির্দেশের ফলে কারাগারে ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে পরিবারের যোগাযোগের সুযোগ বাড়ল।




















