আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১৫১৯ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই সকাল ৭টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়লেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে আগের দিনের তুলনায় তেলের দাম নেমে এসেছে। এর আগে আগের কার্যদিবসে ব্রেন্টের দাম প্রায় ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল। পাঁচ মাসের যুদ্ধ চলাকালে এটি ছিল তেলের দামের সবচেয়ে বড় উল্লম্ফনগুলোর একটি। তার আগের দিন সংঘাতে সাময়িক বিরতির পর তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছিল।























