সৌদি যুবরাজ সালমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিরতি ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠক করেছেন। এসময় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বিরতি ও শান্তি আলোচনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন সৌদি যুবরাজ।
সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। এসময় যুদ্ধ পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পায়। প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন সৌদি যুবরাজ। অন্যদিকে বিশেষ বার্তা নিয়ে ইরানে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বুধবারের বৈঠকের পর ইরান প্রয়োজনীয় পর্যালোচনা চালাবে। এরপরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান। ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তসনিম নিউজ এজেন্সিকে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র এ কথা জানিয়েছে। সূত্রটি আরও বলেছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া ইরানের পরবর্তী আলোচনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি ‘ইতিবাচক সংকেত’ হিসেবে কাজ করবে।
























