শার্শার বাগআঁচড়া সাতমাইল কোরবানির পশুহাট জমে উঠেছে
- আপডেট সময় : ১২:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল পশুহাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অন্যতম বৃহৎ এই হাটে সপ্তাহে দুইদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় সরগরম থাকছে পুরো এলাকা।
হাটে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ দেশীয়ভাবে লালিত-পালিত পশু নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন এলাকার খামারিরা। পশুখাদ্যের মূল্যবৃদ্ধির কারণে এ বছর লালন-পালনের খরচ বাড়ায় গত বছরের তুলনায় পশুর দাম কিছুটা বেশি। তবে ক্রেতাদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। ভারতের সীমান্তঘেঁষা এলাকা হওয়া সত্ত্বেও বেনাপোল সীমান্তে কঠোর নজরদারির কারণে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই। পুরো হাটজুড়ে কেবল দেশীয় খামারিদের পশুই বিক্রি হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হাট ইজারাদাররা।























