লাইফ সাপোর্টে যুবদল নেতার ছেলে, দোয়া চাইলেন বাবা
- আপডেট সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ১৮ বছর বয়সী ছেলে মিনহাজুল ইসলাম রোজান রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা সংকটাপন্ন। ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাবা।
নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী রোজান এইচএসসি পরীক্ষার শেষ সময়ে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
পরিবার জানায়, রোজানের রক্তে শর্করা, কিডনি, হৃদ্যন্ত্র, সোডিয়াম, রক্তচাপ, হিমোগ্লোবিন ও ফুসফুসসহ বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা দিচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রোজান অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টানা পাঁচ বছর ক্লাস ক্যাপ্টেন ছিলেন এবং বিএনসিসির ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্থতার জন্য দোয়া ও বিভিন্ন ধর্মীয় আয়োজন করছেন।
বাবা সাজ্জাদুল মিরাজ বলেন, সন্তানের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পদ-পদবি নয়, মানুষের দোয়া ও ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তিনি রোজানের জন্য সবার কাছে আন্তরিক দোয়া কামনা করেন।




















