কুমিল্লায় দুই দফা অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু
- আপডেট সময় : ০১:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৬০৯ বার পড়া হয়েছে
কুমিল্লা নগরীর মুন হসপিটালে পেট ব্যথার চিকিৎসা নিতে গিয়ে দুই দফা অস্ত্রোপচারের পর মোবারক হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয় খাদ্যনালিতে সংক্রমণ দেখা দেওয়ায়।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোবারকের মৃত্যু হয়। স্বজনদের ভাষ্য, গত ২৫ জুলাই পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৮ জুলাই তার পিত্তথলির অস্ত্রোপচার করা হয়। ব্যথা না কমায় ১০ আগস্ট দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। দুই অস্ত্রোপচারে প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান তারা।
স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। হাসপাতালের সার্জন ডা. সোহেল অভিযোগ অস্বীকার করে জানান, প্রথম অস্ত্রোপচারের সময় খাদ্যনালিতে কোনো সমস্যা পাওয়া যায়নি; পরে সংক্রমণ শনাক্ত হওয়ায় দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়।
কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ভুল চিকিৎসার প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















