মৃত্যুফাঁদে পরিণত হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আপডেট সময় : ১১:৪৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। ৩৯ বছরের পুরনো জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে প্রতিনিয়ত। যেকোন সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নেই কোনো সংস্কার। চরম ঝুঁকি আর আতঙ্ক নিয়েই চিকিৎসা সেবা নিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যা বান্দরবনের প্রায় লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা, বর্তমানে সংকটের মুখোমুখি। ১৯৮৭ সালে নির্মিত এই হাসপাতাল ভবনটি যেন নিজেই এক ‘মুমূর্ষু রোগী’। দীর্ঘ ৩৯ বছর ধরে সংস্কারের অভাবে ভবনটির দেয়াল ও ছাদে ব্যাপক ফাটল দেখা দিয়েছে, যেখানে ধসে পড়ছে প্লাস্টার।
সম্প্রতি হাসপাতালের রান্নাঘরের ছাদ ধসে পড়ে, আর এক নারী কর্মচারী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। শুধু ছাদই নয়, বাথরুমের পাইপ ফেটে নোংরা পানি আর দুর্গন্ধে ভরে উঠছে অফিস কক্ষ এবং ওয়ার্ডগুলো। বৃষ্টি হলেই দেয়াল চুঁইয়ে পড়ে পানি, যার কারণে রোগীরা প্রতিদিন আতঙ্কের মধ্যে চিকিৎসা নিতে আসেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল মনজুর বলেন, ভবনটির সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জানানো হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে, এমন অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন চিকিৎসা সেবা গ্রহণ করেন কয়েক শতাধিক রোগী, যা সবার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতি মোকাবেলা করতে দ্রুত সংস্কারের প্রয়োজন, যাতে এখানকার রোগী এবং স্বাস্থ্যকর্মীরা সুরক্ষিত এবং স্বাস্থ্যকর পরিবেশে সেবা গ্রহণ ও প্রদান করতে পারেন।

























