বাংলাদেশের মানচিত্রে বসবাসকারী সবাই বাঙালি নয়, বরং সবাই মিলে বাংলাদেশি : টুকু
- আপডেট সময় : ০৬:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের মানচিত্রে বসবাসকারী সবাই বাঙালি নয়, বরং সবাই মিলে বাংলাদেশি। দেশ স্বাধীন হওয়ার পর সবাইকে জোর করে বাঙালি বানানোর রাজনৈতিক চেষ্টার কারণেই পার্বত্য চট্টগ্রামে অশান্তির সৃষ্টি হয়েছিল, বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত ‘সংস্কৃতির মিলনমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, এই মানচিত্রে বাঙালি সবচেয়ে বড় জনগোষ্ঠী হলেও সাঁওতাল, হাজং, চাকমা ও মারমাসহ অনেক জাতিসত্তার বসবাস রয়েছে। জিয়াউর রহমানের দর্শন তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদ মূলত একটি বাগানের মতো, যেখানে সব ফুল বা সংস্কৃতির নিজস্ব সৌন্দর্য ও পরিচয় সুরক্ষিত থাকে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আদিবাসী নেতারাও বক্তব্য রাখেন।
























