বলিনি অভিনয় করে পাপ করেছি: পপি
- আপডেট সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ বলেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছেন, অভিনয়কে কখনোই পাপ হিসেবে দেখেননি এবং চলচ্চিত্রকে ছোট করার কোনো প্রশ্নই আসে না।
অভিনয়কে পাপ বলার দাবি নাকচ পপির
গণমাধ্যমকে পপি বলেন, ‘আমি আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের ভুল বা ভুলত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারে না?’
তিনি বলেন, মানুষ জেনে-না-জেনে নানা ধরনের ভুল করে। সেসব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়াকে অন্যায় হিসেবে দেখার সুযোগ নেই।
‘চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না’
পপি আরও বলেন, যে শিল্প তাকে যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, সেই চলচ্চিত্রের প্রতি তার শ্রদ্ধা সবসময়ই রয়েছে। দীর্ঘদিন অভিনয়ের মাধ্যমে কঠোর পরিশ্রম করে উপার্জন করেছেন এবং দর্শকের ভালোবাসা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, সিনেমাকে তিনি আজও মন থেকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। তাই চলচ্চিত্রে অভিনয় করাকে পাপ বলা বা এই মাধ্যমকে ছোট করার কোনো প্রশ্নই আসে না।
পছন্দের গল্প পেলে ফিরতে চান ক্যামেরার সামনে
অভিনয়ে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি পপি। পছন্দসই গল্প ও চরিত্র পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন বলে জানিয়েছেন তিনি।
বিশেষ করে নিজের জীবন ও বায়োগ্রাফি নিয়ে নির্মিত কোনো সিনেমায় অভিনয় করার প্রবল ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত অভিনয় করুন বা না করুন, প্রযোজক হিসেবেও চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।



























