পুরনো সমস্যায় ঝিমিয়ে-ঝিমিয়ে চলছে চট্টগ্রামের ট্যানারী
- আপডেট সময় : ০৫:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া কেউ রাস্তায় ফেলে গেছেন, আবার কারও বিক্রি লোকসানে। গত কয়েক বছরের মত এবারো বন্দর নগরীতে কোরবানির পশুর চামড়া নিয়ে পুরোনো সংকটে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে চামড়া কিনছেন আড়তদাররা। তাই এবারো বড় ধরনের লোকসানে পড়েছেন তারা। তবে আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় ফরিয়াদের লোকসান হচ্ছে।
ঈদের দিন বিকেল পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ভ্যান আর পিকআপে মৌসুমি ব্যবসায়ীরা গরুর চামড়া সংগ্রহ করছিলেন। সবারই আশা ছিল, রাত বাড়ার সঙ্গে সঙ্গে দাম উঠবে। কিন্তু সেই আশা শেষ পর্যন্ত ভেঙে যায়। রাত গভীর হওয়ার আগেই নগরের আতুরার ডিপো ও আগ্রাবাদ চৌমুহনী এলাকায় শুরু হয় হতাশার সেই দৃশ্য।
ঈদের পরের দিন আতুরার ডিপো ও মুরাদপুর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় কেউ চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে গেছেন। কেউ আবার নামমাত্র দামে ছেড়ে দিচ্ছেন। চট্টগ্রামের চামড়ার বাজারে এবারও যেন ফিরে এল পুরোনো সংকট।
তবে বাজারে সিন্ডিকেট করার অভিযোগ অস্বীকার করেছেন কাঁচা চামড়ার আড়তদাররা। তারা বলছেন, মৌসুমী ব্যবসায়ীরা হিসেবে না বুঝেই বেশি দামে চামড়া কিনে এনেছেন। এই কারণেই কেউ কেউ লোকসানে পড়ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি নজরদারি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং ট্যানারি মালিকদের সঙ্গে সমন্বিত উদ্যোগ জরুরি। তা না হলে প্রতিবছরই লোকসানের বোঝা নিয়েই বাড়ি ফিরতে হবে ছোট ব্যবসায়ীদের।























