দুইবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠলো ভেনেজুয়েলার কারাকাস
- আপডেট সময় : ০৪:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠেছে ভেনেজুয়েলা। এতে রাজধানী কারাকাসের বেশ কিছু ভবন ধসে পড়েছে এবং বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ভূমিকম্পটিতে পুরো শহর কেঁপে ওঠে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে। প্রথম ঝাঁকুনির ঠিক এক মিনিট পর আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। এই জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । তবে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও আনুষ্ঠানিক সংখ্যা জানানো হয়নি। এদিকে, দেশে আঘাত হানা এই ভয়াবহ দুর্যোগের পর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, মাইকেটিয়ার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।























