দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত করবে সিবিআই
- আপডেট সময় : ০১:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় এবার তদন্ত করবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। বুধবার (২ সেপ্টেম্বর) বোম্বে হাইকোর্ট সিবিআইকে এ ঘটনায় এফআইআর নথিভুক্ত করে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালত একই সঙ্গে মুম্বাই পুলিশকে মামলাসংক্রান্ত সব নথি সিবিআইয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।
২০২০ সালে মৃত্যু দিশার
২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি আবাসিক ভবনের ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশা সালিয়ানের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মাত্র কয়েক দিন আগে ঘটে এ ঘটনা।
দিশার মৃত্যুর পর মুম্বাই পুলিশ ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবেদন নথিভুক্ত করেছিল।
পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন দিশার বাবার
পরবর্তী সময়ে দিশার বাবা সতীশ সালিয়ান পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি দাবি করেন, তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
তবে মুম্বাই পুলিশের তদন্তে বলা হয়েছিল, দিশার মৃত্যু আত্মহত্যার ঘটনা। তার মৃত্যুর পেছনে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছিল পুলিশ।
এফআইআর করার নির্দেশ হাইকোর্টের
বিচারপতি সারং কোটওয়াল ও বিচারপতি রণজিৎ সিংহ রাজা ভোঁসলের বেঞ্চ দিশার বাবা সতীশ সালিয়ানের বক্তব্য রেকর্ড করে এফআইআর করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দেওয়ার কথাও জানিয়েছে আদালত।
তবে আদালত স্পষ্ট করেছে, তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা যাবে না। তদন্তে কোনো অপরাধের প্রমাণ না মিললে সিবিআই আদালতে উপযুক্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে।
পাঁচ বছরেও মেলেনি গুরুত্বপূর্ণ নথি
আদালত আরও উল্লেখ করেছে, দিশা সালিয়ানের মৃত্যুর পাঁচ বছর পার হলেও তার পরিবার এখনো ময়নাতদন্তের প্রতিবেদন এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবেদনের কপি পায়নি।
চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের বিরোধিতা করার অধিকার দিশার বাবা সতীশ সালিয়ানের থাকবে বলেও জানিয়েছে বোম্বে হাইকোর্ট।


























