তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
- আপডেট সময় : ০৫:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জহির উদ্দিন স্বপনের পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
পৃথক প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।


























