ঝিনাইদহে খালের ওপর নির্মিত পুরনো সেতু ভেঙে চরম ভোগান্তিতে স্থানীয়রা
- আপডেট সময় : ১২:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে খালের ওপর নির্মিত ৪৫ বছরের পুরনো একটি সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের হাজারো মানুষ। যানবাহন চলাচল বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছেন স্কুল শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। ৯ মাস পেরিয়ে গেলেও নতুন সেতু নির্মাণ কাজ শুরু হয়নি।
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়ন। এই দুই অঞ্চলের সংযোগস্থলে থাকা ৪৫ বছরের পুরনো সেতুটি ভেঙে পড়ে প্রায় ৯ মাস আগে। এরপর থেকেই বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। ভোগান্তি কমাতে স্থানীয়রা পাশে একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করলেও, তা এখন চরম ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই নড়বড়ে সাঁকো দিয়েই পার হচ্ছেন হাজারো মানুষ।
সেতুটি ভেঙে যাওয়ায় ভ্যান, অটোরিকশা কিংবা কৃষিপণ্যবাহী কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের এখন ৮ থেকে ১০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে যেমন সময় অপচয় হচ্ছে, তেমনি বেড়েছে যাতায়াত খরচও।
তবে স্থানীয়দের এই দুর্ভোগ দূর করতে এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সেতু পুনর্নির্মাণের জন্য এরই মধ্যে একাধিক প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
১১ কিলোমিটার দীর্ঘ বিষয়খালী-নগরবাথান জিসি সড়কের এই সেতুটি স্থানীয় অর্থনীতি ও যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। তাই কাগজের ফাইল চালাচালি বন্ধ করে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।

























