ঝালকাঠিতে ৬০ বছরের নারীকে নির্যাতনের অভিযোগে আটক ১
- আপডেট সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ৬০ বছর বয়সী এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেল্লাল সিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে বের করা হয়। পরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভোরের দিকে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে এবং বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেল্লাল সিকদার নামে একজনকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























