জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মুজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ১২:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১৬২৪ বার পড়া হয়েছে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা কে. এম. মোজিবুল হক। শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে দেশটির জাতীয় সংসদ ভবন ন্যাশনাল ডায়েট বিল্ডিংয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কে. এম. মোজিবুল হক শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এবং বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সফরকালে টোকিওতে জাপানের জাতীয় সংসদ ভবনে অবস্থিত তারো আসোর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সম্পৃক্ততা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ও আলোচনায় উঠে আসে।
এ সময় কে. এম. মোজিবুল হক তাঁকে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য তারো আসোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জাপানের রাজনীতি ও জনজীবনে তারো আসোর দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, তারো আসো জাপানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি দেশটির সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শীর্ষস্থানীয় নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সুযোগও রয়েছে। এ প্রেক্ষাপটে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের একজন বিশিষ্ট উদ্যোক্তার এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের বেসরকারি পর্যায়ের যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।
জাপান সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।



























