কক্সবাজারে চলছে ইলিশের মহোৎসব
- আপডেট সময় : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
কক্সবাজারে চলছে ইলিশের মহোৎসব । জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এসব ইলিশ আকারে বড় হওয়ায় দামও বেশ চড়া। এতে খুশি ট্রলার মালিক, মাছ ব্যবসায়ী ও মাঝি-মাল্লারা। টানা ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছে বলে মনে করছে জেলেরা।
জেলার প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারীঘাটে এখন কেবলই ইলিশ আর ইলিশ। গভীর সাগর থেকে একের পর এক তীরে ভিড়ছে ফিশিং ট্রলার। তারপর ডিঙ্গি নৌকায় তুলে অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এসব রূপালী ইলিশ।
এখান থেকে ব্যবসায়ীরা মাছ কিনে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে। টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায়, ইলিশের প্রজনন ও আকৃতি দেখে বেশ খুশি ট্রলার মালিক, জেলে ও ব্যবসায়ীরা।
দাম নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট। কিন্তু, নিন্ম-মধ্যবিত্তদের নাগালের বাইরে হওয়ায় স্থানীয়রা হতাশ। এদিকে, সরকারি পৃষ্ঠপোষকতায় ইলিশ রপ্তানির দাবি জানায় ব্যবসায়ীরা।
গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর মধ্যে সাগরে শুরু হয় লঘুচাপ ও ভারী বর্ষণ। এজন্য জেলেরা মাছ ধরতে যায়নি আরও প্রায় ১০ দিন।
ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ছাড়াও– টেকনাফ, সেন্টমার্টিন, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায়ও আসছে ইলিশ ভর্তি ট্রলার।














