আর্জেন্টাইন ক্লাবের বিশ্ব রেকর্ড ভাঙল রোনালদোর দল
- আপডেট সময় : ০১:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর ক্লাব ফুটবলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। সৌদি প্রো লিগে টানা ৯৪ ম্যাচে গোল করে প্রায় ১০০ বছর আগের রিভার প্লেটের রেকর্ড ভেঙেছে তারা।
আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে এই ইতিহাস গড়ে আল নাসর। ৭২তম মিনিটে দলের হয়ে গোল করে সমতা ফেরান ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আব্দুল্লাহ আল-হামদান।
রিভার প্লেটের রেকর্ড ভাঙল আল নাসর
ক্লাব ফুটবলের শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচে টানা গোল করার রেকর্ড এতদিন ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের দখলে। ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত টানা ৯৩ ম্যাচে গোল করেছিল তারা।
আল নাসর সেই রেকর্ড ছাড়িয়ে টানা ৯৪ ম্যাচে গোল করার কীর্তি গড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে আল হিলালের কাছে ৩-০ গোলে হারের পর থেকে সৌদি প্রো লিগে প্রতিটি ম্যাচেই গোল করেছে দলটি।
পরের ম্যাচে আল রিয়াদকে ৪-১ গোলে হারানোর মধ্য দিয়ে শুরু হয় এই রেকর্ডগড়া যাত্রা।
রোনালদোর নেতৃত্বে নতুন ইতিহাস
২০২৩ সালে আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর সৌদি প্রো লিগে ক্লাবটির হয়ে ১১৩ ম্যাচে ১০৫ গোল করেছেন পর্তুগিজ তারকা।
রোনালদোর নেতৃত্বে আল নাসরের এই রেকর্ড নতুন মাত্রা পেয়েছে। তবে ইতিহাস গড়ার দিনটি পুরোপুরি আনন্দের হয়নি তাদের জন্য।
পয়েন্ট হারিয়ে তিনে আল নাসর
রেলিগেশন জোনের ঠিক ওপরে থাকা আল খালিজের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে আল নাসর। ১-১ গোলের ড্রয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে নেমে গেছে তারা।
আল নাসর এখন শীর্ষে থাকা আল হিলালের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। একই সঙ্গে আল ইত্তিহাদের চেয়ে এক পয়েন্ট পিছনে রয়েছে দলটি।
এদিকে ৪১ বছর বয়সী রোনালদো ইঙ্গিত দিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে পেশাদার ফুটবলে তার শেষ মৌসুম। তবে মাঠে এখনো নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যারিয়ারে ৯৭৯ গোল করা রোনালদো প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে রয়েছেন।


























