অতীতের চেয়ে এবছর বরাদ্দ বেড়েছে কৃষিতে : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
অতীতের যেকোনো সময়ের চে’ এবছর বরাদ্দ বেড়েছে কৃষিতে। গত অর্থবছরের তুলনায় কৃষিতে বরাদ্দ বাড়ানো হয়েছে ১০ শতাংশ বেশি, আর প্রণোদনা বাড়ানো হয়েছে ৫৯ শতাংশ। এমন তথ্য জানিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, দেশে উৎপাদিত ফলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানী উপযুক্ত হওয়ার পথে এগোচ্ছে দেশ। বৃহস্পতিবার সকালে জাতীয় ফলমেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে শুরু হয়েছে তিন দিনের জাতীয় ফল মেলা। ৮টি সরকারি-৬৭টি বেসরকারি স্টলে বাহারী দেশী ফলে সু-সজ্জিত মেলা উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।
দেশীয় ফলের উৎপাদন বাড়ানো, পুষ্টি গুণাগুণ সংরক্ষণ, প্রক্রিয়াজাত সম্প্রসারণ এবং রপ্তানির সম্ভাবনা দেশবাসীর কাছে তুলে ধরতে কৃষি মন্ত্রণালয়ের এই উদ্যোগ। যা পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় অনুষ্ঠিত হবে। এতে সন্তোষ প্রকাশ করেন ফল চাষিরা। দেশের উর্বর ভূমিতে উৎপাদিত ফল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে বলে আশা তাদের।
মেলা পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে চলতি অর্থবছরে বরাদ্দ বাড়ানো হয়েছে কৃষি খাতে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানীর দিকে এগিয়ে যাওয়ারও প্রত্যাশা জানান তিনি।
এবছর আম, কাঁঠাল ও ড্রাগনসহ বিভিন্ন ফল রপ্তানি আগের বছরগুলোর তুলনায় বেড়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।


























