সাতক্ষীরার আশাশুনিতে বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ
- আপডেট সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাউতাড়া-আমাদী খেয়াঘাট সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
কালকি স্লুইস গেটসংলগ্ন তিন রাস্তার মোড় থেকে রাউতাড়া হয়ে আমাদী খেয়াঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি ওয়াপদার বাঁধের ওপর নির্মিত। ১০-১৫ বছর আগে ইটের সোলিং করা হলেও এরপর আর সংস্কার হয়নি। দীর্ঘদিনের ব্যবহারে ইট দেবে ও ভেঙে গিয়ে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, রাউতাড়া ও খাজরা গ্রামের প্রায় সাড়ে ৩ হাজার মানুষ নিয়মিত এ সড়ক ব্যবহার করেন। পাশাপাশি আমাদী ও নাকশা খেয়াঘাট দিয়ে আশাশুনি ও কয়রা উপজেলার বহু মানুষ যাতায়াত করেন।
সড়কের পাশে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা থাকায় শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে খাজরা ও বড়দল বাজারে যেতেও ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
























