আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন
- আপডেট সময় : ০৪:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে সোমবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাত আনুমানিক ৩টার দিকে বেড়িবাঁধে ভাঙনের সূত্রপাত হয়। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ভাঙন বড় আকার ধারণ করে। এতে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ধসে নদী ও খালের দিকে চলে গেছে।
ঝুঁকিতে ওয়াবদা সড়ক, যোগাযোগে ভোগান্তি
ভাঙনস্থলটি কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে। বেড়িবাঁধের পাশাপাশি ওয়াবদা সড়কের একটি অংশও ধসে পড়েছে। ফলে ওই সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ভাঙনের খবর পেয়ে সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা স্বতঃস্ফূর্তভাবে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেন। বালি ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত বাঁধের অংশ রক্ষার চেষ্টা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, সারা বছরই তাদের নদীর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। কখন ঘরবাড়ি প্লাবিত হয়, সেই ভয় সবসময় কাজ করে। বর্তমানে এলাকায় গাছপালা ও ফসল হচ্ছে। আবার প্লাবিত হলে সবকিছু নষ্ট হয়ে যাবে। একই সঙ্গে হাজার হাজার মৎস্যঘের পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দ্রুত বাঁধ মেরামতের দাবি
আরেক বাসিন্দা নূরে আলম সিদ্দিকী বলেন, সকাল থেকে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তারা ভাঙন মোকাবিলায় কাজ করছেন। দ্রুত বালি দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা না হলে ভাঙন আরও বড় হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ভাঙনের পর সাধারণত কাজ শুরু করা হয়। আগে থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভাঙনস্থলের সামনেই খাল রয়েছে। বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে প্রতাপনগর ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নও প্লাবিত হতে পারে। তাই দ্রুত পানি উন্নয়ন বোর্ডের পদক্ষেপ প্রয়োজন।
দ্রুত কাজ শুরুর আশ্বাস পাউবোর
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছেন। আনুমানিক ৫০ মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। খুব দ্রুত সেখানে কাজ শুরু করা হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করার জন্য জানানো হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি অবহিত করা হয়েছে। পাউবো দ্রুত কাজ শুরু করবে বলে জানান তিনি।





















