সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী
- আপডেট সময় : ০২:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকটের সময় সরকার কতটা আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, জনগণ মূলত সেটিই দেখতে চায়। বর্তমান সরকার সেই আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে। জনগণের স্বার্থে পরিচালিত ও জনগণের ভোটে নির্বাচিত এই সরকার জনকল্যাণের পথ থেকে বিচ্যুত হবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে। সব ধরনের সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
রিজভীর ভাষ্য, দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি একটি বৈশ্বিক সংকট। তবে সরকার হাত গুটিয়ে বসে নেই। দ্রুত এসব সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সরকার ও দল হিসেবে বিএনপি একে অপরের সহযোগী। বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।
রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সুসংগঠিত। তিনি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষায় কাজ করছেন। ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
জনগণের সামাজিক সুরক্ষা ও সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। তাই সরকারের দায়িত্বে থাকা অধিকাংশ ব্যক্তি বিএনপির নেতা হওয়াটা স্বাভাবিক। জনগণ কোনো দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সেই দলের যোগ্য নেতা-কর্মীরাই সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, বিএনপির তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করবেন। এতে দল ও সরকারের মধ্যে কোনো অসংগতি নেই।
রিজভী বলেন, দলের দায়িত্বে থাকা নেতারা দলীয় দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিএনপির যেসব নেতা মন্ত্রিত্বে রয়েছেন, তারা মন্ত্রিত্বের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বও পালন করবেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।





















