শাপলা চত্বরের হত্যার ঘটনায় শেখ হাসিনা ও জেনারেল আজিজসহ আসামি ৪১ জন
- আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনকে এতে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেয়। আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর।১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। অভিযোগ রয়েছে, দিনভর সংঘর্ষের পর রাতে বিদ্যুৎ বন্ধ করে সেখানে যৌথ বাহিনীর মাধ্যমে হত্যাযজ্ঞ চালানো হয়, যা তৎকালীন আওয়ামী লীগ সরকার বরাবরই অস্বীকার করে আসছিল।এই মামলায় বর্তমানে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম গ্রেপ্তার রয়েছেন। বাকি আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রসিকিউশন।


























