রঘুপুর উচ্চ বিদ্যালয়ে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরল উপজেলার রঘুপুর উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।
অ্যাসেম্বলিতে হামলার অভিযোগ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, গত ৩১ আগস্ট দিনাজপুর শিক্ষা বোর্ড সুলতান চৌধুরীকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত করে। পরে ৩ সেপ্টেম্বর তিনি বিদ্যালয়ে আসেন।
সেদিন সকালে অ্যাসেম্বলিতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নতুন সভাপতিকে পরিচয় করিয়ে দেন প্রধান শিক্ষক। একপর্যায়ে সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোন হাতে নেন।
অভিযোগ অনুযায়ী, তখন কয়েকজন বহিরাগত তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেন। এরপর তারা সভাপতির সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধর শুরু করেন।
সভাপতিকে রক্ষা করতে গিয়ে শিক্ষকরা আহত
এ সময় সভাপতিকে রক্ষা করতে কয়েকজন শিক্ষক এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে প্রধান শিক্ষক মমিন উদ্দিনসহ কয়েকজন শিক্ষক আহত হন বলে জানান তিনি।
প্রধান শিক্ষক বলেন, তিনি পরিপত্র অনুসারেই দায়িত্ব পালন করেছেন। ঘটনার পর শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায়। এবারও তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ করে হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের এ প্রতিবাদের জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত এবং তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান।
























