মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা
- আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা। একদিকে খানাখন্দে ভরা, অন্যদিকে বৃষ্টিতে সড়কে পানি জমে বাড়ছে দুর্ভোগ। বছরের পর বছর এমন অবস্থা চললেও মিলছে না প্রতিকার। স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে অস্থায়ীভাবে সড়ক মেরামত করলেও বেশিদিন টিকছে না। অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে, বিশ্বব্যাংকের অর্থায়নে আগামী জুলাই থেকে অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে সড়ক মেরামতের কাজ।
মাদারীপুর পৌরসভার শহীদ বাচ্চু সড়ক। ব্যস্ত এই সড়কটি দিয়ে প্রতিদিন ছোটবড় যানবাহনে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সদর মডেল থানার সামনে থেকে কাজীরমোড়, এই দেড় কিলোমিটারের পুরো পথই যান চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। প্রখর রোদে ধুলাবালি আর বৃষ্টিতে জলাবদ্ধতা, ২ বছর ধরে বাড়ছে ভোগান্তি। একই অবস্থা বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদার সড়কের। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সহজে নামছে না বৃষ্টির পানি। স্কুল-কলেজের শিক্ষার্থী-পথচারী ও যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদার সড়ক, মন্টু ভুইয়া সড়ক, ডা. অখিল বন্ধু সড়কেরও সমস্যার শেষ নেই। এলাকাবাসীর অভিযোগ, বার বার মেরামতের আশ্বাস দিলেও নেই প্রতিকার। ফলে, দুর্ঘটনা যেনো নিত্যদিনের ঘটনা।
পৌর কর্তৃপক্ষ বলছে, আগামী দুই থেকে তিনমাস পরে নতুন প্রকল্প বাস্তবায়ন হলেই মিলবে সমাধান।
মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় দুই লাখ মানুষের বসবাস। সড়ক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে গত ১০ বছরে ৫০ কোটি টাকার বেশি খরচ করেছে মাদারীপুর পৌরসভা।

























