মরে যাচ্ছে গাইবান্ধা শহরের পুকুরগুলো
- আপডেট সময় : ০৯:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
মরে যাচ্ছে গাইবান্ধা শহরের পুকুরগুলো। এক সময় গাইবান্ধা শহরের বিভিন্ন মহল্লা ও পাড়া জুড়ে ছিল অসংখ্য পুকুর। বর্ষার পানি সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু দখল, ভরাট ও অবহেলায় একের পর এক পুকুর নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ফলে বাড়ছে পরিবেশগত ঝুঁকি।
গাইবান্ধা শহরের পুরোনো বাসিন্দাদের স্মৃতিতে এখনও ভাসে সেই পুকুরগুলোর কথা। কোথাও শিশুদের সাঁতার, কোথাও মাছ ধরা, আবার কোথাও ছিল বৃষ্টির পানি সংরক্ষণের প্রধান আধার। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে অনেক পুকুর ভরাট হয়ে গেছে, কিছু দখলের শিকার, আর কিছু পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। শহরের পুকুরগুলো শুধু জলাশয় নয়, বরং নগর পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পুকুর কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, বাড়ছে জলাবদ্ধতা, আর বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা।
শহরের বিভিন্ন এলাকায় এখনও কিছু পুকুর আছে। এরমধ্যে অনেকগুলোই রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের দখল ও কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এই অবস্থা। পরিবেশবাদীদের দাবি, শহরের প্রতিটি পুকুর সংরক্ষণ করতে হবে। পুকুর না থকেলে কয়েক বছরের মধ্যে গাইবান্ধায় প্রকট হবে জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, জলাশয় রক্ষা ছাড়া টেকসই শহর গড়া সম্ভব নয়। তাই পুকুর চিহ্নিত করে, দখলমুক্ত এবং নিয়মিত সংস্কারের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

























