ভালো নেই ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহের কৃষকরা
- আপডেট সময় : ১১:৪১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ভালো নেই ধান উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহের কৃষকরা। একদিকে ধান কাটার মেশিনে জ্বালানী সংকট, অন্যদিকে রয়েছে শ্রমিক সংকট। এর মধ্যে মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে কয়েকদিনের ভারী বর্ষণ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিলসহ নিচু জায়গার ধানের জমি। সময়মতো ধান কাটতে না পারলে বাকি ফসল ঘরে তোলা নিয়ে রয়েছে শঙ্কা। জলাশয়ে অবৈধ বাঁধ অপসারণ, জ্বালানী তেল ও ধান কাটার মেশিন সহজলভ্যের দাবি কৃষকদের।
পাকা ধানের সোনালি ঢেউ, সকালের রোদে দুলছে কৃষকের বছরের পরিশ্রমের ফসল। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝেও স্বস্তি নেই ময়মনসিংহের কৃষকদের মনে। জ্বালানী ও শ্রমিক সংকট, অস্বাভাবিক মজুরি বৃদ্ধি এবং কম্বাইন্ড হারভেস্টার মেশিনের অভাবে ধান ঘরে তোলা নিয়ে দু:শ্চিন্তায় তারা।
ধান কাটার ভরা মৌসুমেও দিগুন মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। ১ বিঘা ধান কাটতে খরচ হচ্ছে প্রায় ৩ হাজার ২’শ টাকা, আর মাড়াইয়ে বাড়তি গুনতে হচ্ছে আরো ৭০০ টাকা। কম্বাইন হারভেস্টার ব্যবহার করলে খরচ কমত প্রায় ১৭০০ টাকা। কিন্তু এখানেও রয়েছে জ্বালানী সংকট। এত সংকটেও কয়েকদিনের ভারী বর্ষণেও নষ্ট হচ্ছে ফসল।
জলাশয়গুলোতে অবৈধ বাঁধের কারণে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে তলিয়ে গেছে ধানের জমি।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ৮০ শতাংশ ধান পেকে গেলে কর্তন এবং হারভেস্টার মেশিনে অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।
এবছর জেলায় বোরো আবাদ হয়েছে ২ লাখ ৬৪ হাজার হেক্টর জমিতে।














