ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে
- আপডেট সময় : ০২:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা হচ্ছে আজ। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। ইতোমধ্যে ঘোষিত ফলাফলে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গেছে বিজেপি। যদিও এর আগে বুথফেরত সমীক্ষাগুলোতে ছিলো মিশ্র বার্তা।
বুথফেরত জরিপগুলোর বেশিরভাগই সামান্য ব্যবধানে তৃণমূলের চেয়ে এগিয়ে রেখেছে বিজেপিকে। তাই যেকোনো সময় বদলে যেতে পারে সমীকরণ। ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে ছিল রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি। ২৯৩টি আসনের ভোটগণনা হবে ৭৭টি কেন্দ্রে। সবগুলো কেন্দ্রে রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি রয়েছে সহিংসতার শঙ্কাও। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর খোলা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন। দুপুরের মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। তবে ভোট গণনা চলছে ২৯৩টি আসনের। অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগণার ফলতা আসনের ভোট সম্পূর্ণ বাতিল করে নির্বাচন কমিশন। ফলতা আসনে পুনর্ভোট হবে আগামী ২১ মে এবং ফল ঘোষণা করা হবে ২৪ মে।





















