ব্রাহ্মণবাড়িয়ায় পাকা ধান ডুবে যাওয়ার শোকে কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানির নিচে পাকা ধান ডুবতে দেখে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষকের নাম আহাদ মিয়া। তিনি ইউনিয়নের রামপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় লোকজন জানান, কৃষক আহাদ এবার বোরো মৌসুমে ধারদেনা করে ছয় বিঘা ধান রোপন করেছিলেন। ধান পাকার সময়ে হঠাৎ ভারী বৃষ্টি ও উজানের ঢলে সব ধান পানিতে তলিয়ে যায়। সকালে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়ে পাকা ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে লোকজন অচেতন অবস্থায় তাকে বাড়িতে নেয়ার পথে মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী বলেন, চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে সহ্য করতে পারেননি আহাদ মিয়া। এদিকে, শনিবার দুপুরে আহাদ মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ জানান, একজন কৃষকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আমাদের এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিহতের বাড়িতে পাঠানো হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রকৃত কৃষকদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা চলছে।

























